বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধানের কাছে পাঠানো একটি চিঠিতে সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের তহবিল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে সংস্থাটিকে ‘বাস্তব উন্নতি’ সাধন করার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। তা না হলে লাখ লাখ ডলারের তহবিল ও যুক্তরাষ্ট্রের সদস্যপদ, উভয়ই হারানোর ঝুঁকির মুখোমুখি হবে ট্রাম্প এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে এএফপি।
ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাসকে উদ্দেশ করে লেখা চিঠিতে ডিসেম্বর থেকে সংস্থাটি করোনাভাইরাস মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। গত সোমবার রাতে টুইটারে চিঠিটি প্রকাশ করেন তিনি। এর আগে এদিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে। পরে নিজের চিঠিতে ট্রাম্প ডব্লিউএইচওকে অভিযুক্ত করে সংস্থাটি ‘উদ্বেগজনকভাবে’ চীনের অধীন বলে মন্তব্য করেন। একই দিন ট্রাম্প জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটিকে ‘চীনের পুতুল’ বলেও উল্লেখ করেছিলেন।
