চীনা বিজ্ঞানীদের দাবি

টিকা ছাড়াই ওষুধে সারবে করোনা

আপডেট : ২০ মে ২০২০, ০১:২৭ এএম

করোনাভাইরাসের মহামারী থামিয়ে দিতে সক্ষম একটি ওষুধ উদ্ভাবনের ঘোষণা দিয়েছে চীনের একটি গবেষণাগার। পেইচিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষা চালানো এই ওষুধটি শুধু আক্রান্ত মানুষদের অসুস্থতার সময় কমিয়ে দিতে সক্ষম নয়, বরং এটি স্বল্পমেয়াদে ভাইরাস প্রতিরোধেও সক্ষম বলে মনে করছেন গবেষকরা। পেইচিংয়ের বিশ্ববিদ্যালয়টির অ্যাডভান্সড ইনোভেশন সেন্টার ফর জেনোমিকসের পরিচালক সান্নে জাই এএফপিকে জানিয়েছেন, প্রাণীর ওপর গবেষণায় ওষুধটির সফলতা প্রমাণ হয়েছে।

পরিচালক সান্নে জাই বলেন, ‘আমরা সংক্রমিত ইঁদুরের শরীরে নিষ্ক্রিয় অ্যান্টিবডি প্রয়োগ করেছিলাম। এর পাঁচ দিন পর দেখা যায় ইঁদুরটির শরীরে ভাইরাস লোড আড়াই হাজার ফ্যাক্টরে কমে এসেছে। এর অর্থ হলো এই ওষুধটির সফলতার সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘আশার কথা হলো এই নিষ্ক্রিয় অ্যান্টিবডিগুলো একটি বিশেষায়িত ওষুধে পরিণত হতে পারে; যা মহামারী থামাতে পারবে।’ নতুন উদ্ভাবিত ওষুধটির ক্লিনিক্যাল পরীক্ষার পরিকল্পনা চলছে বলে জানান সান্নে জাই। চীনে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় অস্ট্রেলিয়াসহ বিশ্বের আরও কয়েকটি দেশে এই পরীক্ষা চালানো হবে বলে জানান তিনি। গত সপ্তাহে চীনের এক কর্মকর্তা জানান, তাদের উদ্ভাবিত করোনাভাইরাসের সম্ভাব্য পাঁচটি টিকা মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটির টিকা উদ্ভাবনে ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত