সড়কে সাইড না দেওয়ার জের

৬ জনকে কুপিয়ে জখম করল অটোরিকশা চালক

আপডেট : ২০ মে ২০২০, ০৩:০৭ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে ইফতারের আগমুহূর্তে সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সাইড দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে অটোচালক কুপিয়ে আহত করেছে ছয়জনকে।

গত সোমবার সন্ধ্যায় প্রথমে মোটরসাইকেল চালককে পেটানোর পর থানায় অভিযোগ করলে রাত ৯টায় আবার অটোরিকশা চালকের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল আরোহীর মাসহ ছয়জনকে। কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর রাজটিলা গ্রামে ঘটে এসব ঘটনা।

রাতেই আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহত নারীকে ক্ষুর দিয়ে নৃশংসভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে বলে গ্রামবাসী অভিযোগ করেছে। ঘটনার পর গভীর রাত পর্যন্ত কমলগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে চার হামলাকারীকে আটক করেছে। পুলিশি অভিযানে হামলকারীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দা, বল্লমসহ বেশকিছু দেশীয় অস্ত্র।

উত্তর রাজটিলা গ্রামবাসী সূত্রে জানা যায়, চিকিৎসক আশুতোষ সিংহের সহকারী মীর হোসেন (৩২) তার এক ছেলেকে নিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফিরছিলেন। কমলগঞ্জ সদর ইউপি কার্যালয়ের সামনে রাস্তায় সাইড দিতে বলায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক সানু মিয়া (৩২) মীর হোসেনকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মীর হোসেন কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে রাত ৯টায় সানু মিয়া, তার দুই ভাই শাহাব উদ্দীন ও মনু মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ দল মীর হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলাকারীদের দা ও ক্ষুরের কোপে মীর হোসেন, তার ভাই আমজাদ মিয়া (৩৫), আক্কাস মিয়া (২৮) ও তাদের মা মিনু বেগম (৫৫) ক্ষতবিক্ষত হন। তাদের উদ্ধারে এসে বালিগাঁওর বশির মিয়ার ছেলে আজাদ মিয়া ও রাজটিলা গ্রামের ছইদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়াও আহত হয়েছেন।

গ্রামবাসী তাদের প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত