আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে : কাদের

আপডেট : ২০ মে ২০২০, ০৭:১৬ এএম

করোনা সংক্রমণকালে ঈদে মানুষের ঘরমুখী হওয়ার প্রবণতা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ঘূর্ণিঝড় আম্পান প্রসঙ্গে তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি করোনার সংকটকালে আসন্ন ঈদুল ফিতরে মানুষ দলে দলে গ্রামমুখী হয়েছে যা অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। জেনেশুনে এমন ভয়ানক পরিস্থিতি তৈরি অনাকাক্সিক্ষত। এতে নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি আমরা আশপাশের অন্যদের জীবন ও জীবিকায় হুমকি ডেকে আনব। তাই আবার অনুরোধ করব যেখানে যারা যে অবস্থানে আছেন এখানে থেকে আপনারা ঈদ অতিবাহিত করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্থানান্তর আপাতত বন্ধ রাখুন। সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠব ইনশাল্লাহ।’

আম্পান সিডরের চেয়েও বিধ্বসী হতে পারে : সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘প্রাণঘাতী এই সংকটকালে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় আম্পান। এই সাইক্লোন বুধবার বিকেল নাগাদ উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এটি সিডরের চেয়েও বিধ্বংসী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।’

ঘূর্ণিঝড়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ইতিমধ্যে প্রস্তুতি  নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশ্রয় গ্রহণকারীদের মাঝে মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার সুবিধার্থে আশ্রয়কেন্দ্রে চিকিৎসক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি উপকূলীয় জেলার জনসাধারণকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করছি পাশাপাশি উপকূলীয় এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি এবং মানুষকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রবণতার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সংক্রমণ ও মৃত্যুর হারে লার্জেস সিঙ্গেল ডে অতিক্রম করছি। দেশে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গতকাল আগের যেকোনো দিনের চেয়ে বেশি, যা নতুন রেকর্ড।’

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশা প্রকাশ করেছে করোনা সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। তাই আসন্ন কঠিন সময় মোকাবিলায় আমাদের সবাইকে সমন্বিত ও সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই।’

বেসরকারি হাসপাতালকে চিকিৎসা খরচ সহনীয় রাখার আহ্বান : করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও চিকিৎসায় বেসরকারি হাসপাতালে উচ্চমূল্য রাখার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এমন সংকটকালে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক স্বাস্থ্যসেবায় অতি উচ্চমূল্য চার্জ করছেন বলে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমি ক্লিনিক ও হাসপাতাল মালিকদের জনস্বার্থে চলমান পরিস্থিতি ও মানবিক বিবেচনায় চিকিৎসার নমুনা পরীক্ষা ও খরচ সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানাচ্ছি।’

গণমাধ্যমকর্মীদের বেতন পরিশোধ করুন : শ্রমিক ও গণমাধ্যমকর্মীদের বকেয়া বেতন পরিশোধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঈদের প্রাক্কালে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য আমি মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি করোনাজনিত এ সংকটে ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন গণমাধ্যমকর্মীরা। যে সব গণমাধ্যম মালিকরা এখনো সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করেননি তাদের প্রতি অনুরোধ করছি সাংবাদিকদের বেতন-ভাতা ঈদের আগে পরিশোধ করুন।’

করোনা কাউকে করুণা করবে না : বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংক্রমণে করোনা কাউকে করুণা করবে না। কাদা ছোড়াছুড়ি না করে দেশ ও জনগণের স্বার্থে সরকারের প্রতি সহযোগিতা করুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। করোনা  মোকাবিলায় ঐক্যই হবে আমাদের মূল শক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত