প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’র প্রভাবে বুধবার সকাল থেকে মোংলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে রয়েছে প্রচণ্ড ঝোড়ো বাতাস।
মোংলা ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওয়তায়। কিন্তু এত ঝড়-বৃষ্টির মধ্যেও তেমন কোনো ভয়-ভীতি নেই এখানকার বাসিন্দাদের মধ্যে।
সরেজমিন দেখা গেছে, মহাবিপদ সংকেতের মধ্যেও খোলা রয়েছে পৌর শহরের দোকানপাট। বাজারে লোকজনের ঘুরাফেরাও স্বাভাবিক।
স্থানীয়রা বলছে, ভয় তো আছেই। তারপরও কেনাকাটা করতেই বাজারে এসেছেন।
দোকানীরা বলছেন, বেচা-কেনা তেমন নেই। তারপরও ঈদের সময় তাই দোকান খুলেছেন।
এদিকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। পৌর শহরের আশ্রয়কেন্দ্রগুলোতে খুব বেশি লোকজন দেখা না গেলেও লোকজন উঠেছে গ্রামের সাইক্লোন শেল্টারগুলোতে।
মঙ্গলবার রাতে এখানকার প্রায় সাড়ে সাত হাজার মানুষ আশ্রয় নিয়েছিল সাইক্লোন শেল্টারে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান বলেন, যেহেতু মহাবিপদ সংকেত জারি হয়েছে, এখন নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। জানমাল রক্ষায় যেতে বাধ্য করা হবে।
