করোনা তহবিলে ৪ কোটি ডলার দেওয়া শতবর্ষী মুর ‘নাইটহুড’ পাচ্ছেন

আপডেট : ২০ মে ২০২০, ০৩:৪৬ পিএম

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) করোনাকালে সাহায্য করতে ১০০তম জন্মদিনে বাগানে হেঁটে ৪ কোটি মার্কিন ডলারের ফান্ড সংগ্রহ করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক টম মুরকে নাইটহুড উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কয়েক সপ্তাহ আগে তিনি কর্নেল উপাধি পান।

ডেইলি মেইল জানিয়েছে, মুরকে সোমবার নাইটহুডের জন্য মনোনীত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের গ্রাম মার্সটন মোরেটেইনে থাকেন মুর। গত ৬ এপ্রিল তার বাসার পেছনের বাগানে হাঁটার পরিকল্পনা নেন। ৮২ ফুটের অতটুকু জায়গায় প্রতিদিন হাঁটা মোটেও সহজ ছিল না শতবর্ষী এক বৃদ্ধের জন্য। কারণ এতটুকু হাঁটার জন্য একধরনের ওয়াকারের সাহায্য নিতে হয় তাকে। তবু টলেননি। সেই হাঁটা থেকেই উঠেছে প্রায় ৪ কোটি ডলার।

টম মুর যুক্তরাজ্যের ওয়েস্ট ওয়ার্কশায়ারে জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে ২০ বছর বয়সে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। এক বছর বাদে অর্থাৎ একুশতম জন্মদিনে সেকেন্ড লেফটেন্যান্ট পাস করেন। পরে ভারতেও দায়িত্ব পালন করেন এবং ক্যাপ্টেন পদে উন্নীত হন।

টম মুর নাইটহুড উপাধি পাওয়ার কথা শুনে রীতিমতো আপ্লুত। বিবিসি ব্রেকফাস্টকে বলেছেন, ‘এই সম্মান পাওয়া অসাধারণ ব্যাপার। কেমন লাগছে, তা আমি সত্যি বলতে পারব না। রানি এবং প্রধানমন্ত্রী আমাকে যা দিতে যাচ্ছেন, তার অনুভূতি আমার কাছে অন্য রকম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত