করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২১ মে ২০২০, ১২:৫৪ এএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী মারা গেছেব। মৃতদের একজন মুক্তিযোদ্ধা। তিনি নিজ বাসায় মারা গেছেন। 

অন্য দুজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের একজন ডেঙ্গুতেও আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব জানান, বুধবার ভোর ৪টার দিকে নগরীর আকবর শাহ এলাকার ৫৮ বছর বয়সী এক বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনার পাশপাশি ওই রোগী ডেঙ্গুতেও আক্রান্ত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আইসোলেশন ওয়ার্ডে মারা যান ৫৭ বছর বয়সী আরেকজন। তিনি হালিশহর এলাকার বাসিন্দা। করোনায় আক্রান্ত এই রোগী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হন।

এদিকে বুধবার ভোরে নগরীর কাজীর দেউড়ি এলাকায় করোনায় আক্রান্ত ৬৬ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। 

তিনি চট্টগ্রামের ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোর ৩টার দিকে হাসপাতাল থেকে বাসায় পাঠানোর ঘণ্টা দুয়েকের মধ্যে তার মৃত্যু হয়।

ওই মুক্তিযোদ্ধার মেয়ে বলেন, ‘গত সোমবার বাবার করোনা পজিটিভ শনাক্ত হলে ফিল্ড হসপিটালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে তিনি বাসায় চলে আসতে চাচ্ছিলেন। কান্নাকাটি করতে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে হাসপাতালের অ্যাম্বুলেন্সে চলে আসেন। বাসায় আসার দু’ঘণ্টা পর তিনি মারা যান।’

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ৯৭৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে মারা গেছেন ৪৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত