বড়লেখায় পাওনা টাকা চাওয়ায় শিক্ষার্থী খুন

আপডেট : ২২ মে ২০২০, ০১:০৪ এএম

মৌলভীবাজারের বড়লেখায় দোকানের মাল বিক্রির মাত্র ৮৫ টাকা চাইতে গিয়ে এক যুবকের ছুরিকাঘাতে জাকারিয়া হোসেন (১৮) নামে এক শিক্ষার্থী খুন হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির আরেঙ্গাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। ছুরিকাঘাতের পরই ঘাতক যুবক আজিম উদ্দিন (৩৫) পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের সালাহ উদ্দিন বাড়ির পাশে টং দোকানে পান, সিগারেট ও কাঁচামালের ব্যবসা করেন। এদিন দুপুরে তার ছেলে জাকারিয়া দোকানদারি করছিল। এসময় প্রতিবেশী তোতা মিয়া বাড়ি থেকে টাকা এনে পরে দেয়ার কথা বলে ৮৫ টাকার পণ্য ক্রয় করেন। বিকেল পর্যন্ত অপেক্ষা করেও তোতা মিয়া টাকা না দেয়ায় রাতে জাকারিয়া টাকার জন্য তোতা মিয়ার বাড়িতে যান। এসময় তিনি টাকা নেই বলে তাকে বিদায় করার চেষ্টা করেন। কিন্ত জাকারিয়া টাকা না দিলে তার বাবা তাকে বকাঝকা করবেন জানিয়ে বারবার অনুনয় বিনয় করে।

এসময় তোতা মিয়ার ছেলে প্রবাস ফেরত আজিম উদ্দিন তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে জাকারিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই ঘাতক আজিম উদ্দিন গা ঢাকা দিয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বৃহস্পতিবার রাতে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরী করছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য থানা পুলিশ অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত