কুষ্টিয়ায় আম্পানে তছনছ বিদ্যুৎ ব্যবস্থা

আপডেট : ২২ মে ২০২০, ০৬:৫৬ এএম

গাছপালা, ঘরবাড়ি, কৃষি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির ছাপ রেখে কুষ্টিয়া জেলা অতিক্রম করেছে আম্পান। গত বুধবার রাত সাড়ে ৯টায় শুরু হওয়া আম্পানের তান্ডবে সম্পদের ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। তবে কুষ্টিয়ার বটতৈলের জাতীয় গ্রিড উপকেন্দ্রে অগ্নিকা-ের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় নাগরিক জীবন চরম ভোগান্তির মধ্যে পড়েছে।

এ বিষয়ে উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তবে উপকেন্দ্র কর্তৃপক্ষের বরাত দিয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সার্বিক ওবাইদুর রহমান জানান, গত রাতে অগ্নিকান্ডে উপকেন্দ্রের দুটি স্টেশনের দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটিকে মেরামত করে আংশিক চালু করতে পারবেন বলে প্রকৌশলীরা জানিয়েছেন। বাকিটার ট্রান্সফরমার ঢাকা থেকে এনে স্থাপন করা গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (ওজোপাডিকো লি.) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান জানান, ঘূর্ণিঝড় আম্পানের তা-বে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও রাজবাড়ীর আংশিক এলাকা বৈদ্যুতিক লাইনের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে; সেগুলো ইতিমধ্যে মেরামত করা হয়েছে। এখন সঞ্চালন উপকেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব হলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। তবে গ্রিড চালু হওয়ার আগ পর্যন্ত আমাদের আর কোথাও কোনো সমস্যা আছে কি না, তা বলতে পারছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত