নীলফামারীতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার নতুন করে স্বামী-স্ত্রীসহ চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের একজন। অপর তিনজন ডোমার উপজেলার।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৮ মে ওই চারজনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম. আব্দুর রহীম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের নমুনার ফলাফল হাতে আসে। এতে ওই চারজনের করোনা পজিটিভ ধরা পড়ে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন বলেন, গত ১৮ মে নীলফামারী সদর উপজেলা থেকে ৯ জনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পরীক্ষর জন্য পাঠানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়টি নমুনার ফলাফল হাতে আসে। এতে খোকশাবাড়ি ইউনিয়নের ৩৪ বছর বয়সী এক ব্যক্তির দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেওয়া হচ্ছে। এর আগে গত ২০ মে ওই ব্যক্তির স্ত্রীর করোনা ধরা পড়ে।
এদিকে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার উপজেলায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন- হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া গ্রামের ৩১ বছর বয়সী এক ব্যক্তি ও তার ২৫ বছর বয়সী স্ত্রী।
অপরজন উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের চাঁন্দিনাপাড়া গ্রামের ২৯ বছর বয়সী যুবক।
গত ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে দিনাজপুর এম.আব্দুর রহীম মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ফলাফল পজিটিভ আসে। আক্রান্ত হওয়া তিনজনকেই নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেওয়া হচ্ছে।
নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, বৃহস্পতিবার স্বামী-স্ত্রীসহ জেলায় নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে গত ৭ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। এদের মধ্যে বুহস্পতিবার পর্যন্ত সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ২০জন। আর জেলায় এখন পর্যন্ত এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে।
