সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি বগুড়ায় প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। সাবেক এ সাংসদ বগুড়ার প্রয়াত সংসদ সদস্য মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বলেন, কামরুন্নাহার পুতুল কয়েক দিন ধরে জ¦র, কাশি, পাতলা পায়খানা এবং খাবারে অরুচিজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।
১৯৯৬ সালে কামরুন্নাহার পুতুল বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সাংসদ নির্বাচিত হন। তার স্বামী মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বগুড়ার গাবতলী আসনের সাংসদ নির্বাচিত হন। কামরুন্নাহার পুতুল রাজনীতিতে যোগদানের আগে রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন।
ডা. সামির হোসেন মিশু আরও বলেন, কামরুন্নাহার পুতুল কদিন আগে তার অসুস্থ ছেলেকে দেখতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তিনি অসুস্থবোধ করেন। শারীরিক সমস্যাগুলো করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়ায় তিন দিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার সকালে তার রিপোর্ট হাতে পাওয়া যায়। সেখানে তিনি করোনায় আক্রান্ত বলে উল্লেখ রয়েছে। এ কারণে করোনায় মৃত ব্যক্তির দাফনের বিধান মেনে জানাজা ও তাকে দাফন করা হয়।
