দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর পরিচ্ছন্নতা কর্মীদের পাশে এসিল্যান্ড

আপডেট : ২৩ মে ২০২০, ০৫:০১ পিএম

যারা আমাদের বাড়ি ঘরের ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলে, সেই পরিচ্ছন্নকর্মীরা এমনিতেই কষ্টের ও মানবেতর জীবনযাপন করে। করোনাভাইরাসের কারণে খেটেখাওয়া পরিচ্ছন্নতা কর্মীরা আরো অসহায় হয়ে পড়েছে।

এমনিতেই তিন বেলা খাবার জোগাড় করতে কষ্ট হয় তাদের। তার ওপর করোনা আতঙ্ক। কেরানীগঞ্জের অসহায় পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন কেরানীগঞ্জের এসিল্যান্ড (ভূমি, মডেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের সারথি ফাউন্ডেশন।

শনিবার দুপুরে আগানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সারথি ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ঈদ উপহারের মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, সেমাই, তেল, ডাল, চাল। 

এ সময় উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন দিলু ও ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মো: শাহীন এবং পরিচ্ছন্নতা কর্মীদের ঠিকাদার মো. সিদ্দিকুর রহমান।

খাদ্য উপহার পেয়ে সুলতান নামে এক পরিচ্ছন্নতা কর্মী বলেন, করোনার কারণে তিন বেলা খাবারের টাকা জোগাড় করতেই এখন কষ্ট হয়। স্যারের মাধ্যমে আজকে কিছু চাল-ডাল পেলাম, আল্লাহ স্যারের ভালো করুক।

ঠিকাদার মো. সিদ্দিকুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে প্রতি মাসে বাড়ি বাড়ি থেকে যে বিল কালেকশন করি তা আটকে গেছে। টাকা কালেকশন করতে না পারায় কর্মীদের খরচ দিতে হিমশিম খেতে হচ্ছে। শুনেছি আমাদের এসিল্যান্ড স্যার কেরানীগঞ্জবাসীকে সেবা দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন থেকেও তিনি আমাদের জন্য সহায়তার ব্যবস্থা করেছেন। আমাদের পক্ষ থেকে তার প্রতি রইলো কৃতজ্ঞতা ও অনেক দোয়া। ভালো লাগছে তার কারণে পরিচ্ছন্নতা কর্মীর মুখে হাসি ফুটবে।

এ বিষয়ে কামরুল হাসান সোহেল ফোনে জানান, ৫ মে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় কেরানীগঞ্জের পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে প্রতিবেদনটি পড়ি। তখনই সিন্ধান্ত নিই পরিচ্ছন্নতা কর্মীদের জন্য কিছু একটা করব। এরপর তো নিজেই করোনায় আক্রান্ত হয়ে গেলাম। তারপরও তাদের জন্য কিছু একটা করতে পেরে আনন্দিত। এ মহৎ উদ্যাগের সঙ্গে ছিলেন সারথি ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশ বর্তমানে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আমাদের আন্তরিক হতে হবে। যার যার সামার্থ্য অনুযায়ী অসহায়দের পাশে থাকতে হবে। তাহলেই হাসি ফুটবে সবার মুখে।

কেরানীগঞ্জে ১২টি ইউনিয়নে প্রায় ৩০০ পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন। করোনা পরিস্থিতিতে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ নিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ৫ মে কেরানীগঞ্জে করোনা ঝুঁকিতে তিন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত