কয়েক দিন আগে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব দেখেছে সারা দেশ। এর পর থেকে রাজধানীর আকাশের মেঘের আনাগোনা ও থেমে থেমে দমকা হওয়ার দাপট। তবে সোমবার ঈদের দিন রাজধানীতে বৃষ্টির আশঙ্কা নেই বলে জানা গেছে।
আবহাওয়াবিদ গণমাধ্যমকে ওমর ফারুক বলেন, “সোমবার রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি থাকবে না। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।”
পাশাপাশি দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ দিকে করোনাভাইরাসের কারণে খোলা জায়গায় ঈদ জামাত না করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এর সঙ্গে একমত আবহাওয়াবিদরাও।
