পঞ্চগড়ে নতুন করে মা-ছেলেসহ আরও পাঁচজনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এরা সবাই ঢাকা, গাজীপুর ও রংপুর ফেরত।
এদের মধ্যে জেলা শহরের এমআর কলেজ রোডের মা (৬৩) ও ছেলে (২০), দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের এক ব্যক্তি (৪০) ও তিস্তাপাড়া গ্রামের এক তরুণী (২০) রয়েছেন। এরা রংপুর ও ঢাকা থেকে ফেরত।
বোদা উপজেলার বড়কামাত গ্রামের আক্রান্ত এক নারী (২৬) গাজীপুর থেকে কয়েকদিন আগে ফিরেছেন।
এ নিয়ে জেলায় ৩৭ জনের করোনা শনাক্ত হলো। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান শনিবার রাতে জানান, ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে বাড়িতে ফিরে আসার খবর পেয়ে এদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
করোনা পজিটিভ আসার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে।
সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত ৯৩৮ জনের মধ্যে ৮৫৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, আটজন করোনামুক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন। আক্রান্ত অন্যদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
