হালদা নদীতে অবৈধ শিকারীদের জালে আটকে 'সবচেয়ে বড়' ডলফিনের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাউজান উপজেলার উরিরচর এলাকার হালদা অংশে এ ডলফিনটি মৃত অবস্থায় ভেসে ওঠে।
বিশিষ্ট হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ডলফিনটির মুখে জাল পেঁচানো ছিল। যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, অবৈধ শিকারিদের জালে আটকা পড়ে ডলফিনটি মারা গেছে। হালদায় গত তিন বছরে ২৫টি ডলফিন মারা গেছে। এগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। এটির ওজন প্রায় ৮০ কেজি, দৈর্ঘ্য সাত ফুট এক ইঞ্চি’।
রাউজান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় সেটিকে সৎকার করা হয়েছে। কী কারণে বা কীভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললে সেটা বোঝা যাবে। যা মনে হচ্ছে, এটি কর্ণফুলী নদী থেকে ভেসে এখানে এসেছে’।
