করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রবার্ট ও'ব্রিয়েন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ আমরা নতুন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। ব্রাজিলের প্রতি সম্মান রেখেই বলছি যুক্তরাজ্য, ইউরোপ এবং চীনের মতো দেশটির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আনা হতে পারে এবং এটি হবে সাময়িক।
ট্রাম্পের এই উপদেষ্টা বলেন, ব্রাজিলের এই মুহূর্তের পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রত্যেক আমেরিকানের সুরক্ষার জন্য জরুরি এসব পদক্ষেপ নিতে হচ্ছে আমাদের।
হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে অল্প কয়দিনেই যুক্তরাষ্ট্রের নিচে চলে এলো ব্রাজিল। আগ থেকে আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
মৃতের সংখ্যার দিক দিয়েও এগিয়ে দেশটি। একক দেশ হিসেবে লাখ ছুঁই ছুঁই। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১৬ লাখ ছাড়িয়ে গেছে।
এদিকে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃতের সংখ্যা ২২ হাজার।
