লাইভ সাক্ষাৎকার দেওয়ার সময় ভূমিকম্পের কবলে জেসিন্ডা (ভিডিও)

আপডেট : ২৫ মে ২০২০, ০২:১২ পিএম

টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সময় সোমবার মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কাঁপলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তবে পরিস্থিতিতে ভীত হননি তিনি; চালিয়ে যান সাক্ষাৎকার পর্ব।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার সময় উত্তর ওয়েলিংটন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে লেভিন শহরের পাশে ঘটা ভূমিকম্পটির উৎসস্থল ভূ-পৃষ্ঠ থেকে ৫২ কিলোমিটার গভীরে।

রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। কোনো সুনামির সংকেতও দেওয়া হয়নি।

সকালে নাশতার সময় ওয়েলিংটনে পার্লামেন্ট ভবন থেকে অকল্যান্ডভিত্তিক ‘এএম শো’র উপস্থাপক রায়ান ব্রিজকে সাক্ষাৎকার দিচ্ছিলেন আরডার্ন। এ সময় বসা অবস্থায় ভূমিকম্পে ওঠেন তিনি, সেটিও লাইভে সম্প্রচারিত হয়ে যায়।

এ সময় উপস্থাপক রায়ানের উদ্দেশে আরডার্ন বলেন, “আমরা এখানে সামান্য ভূ-কম্পন অনুভব করছি রায়ান। সামান্য কম্পন। আমার পেছনে থাকা জিনিসপত্র কী তুমি নড়তে দেখছ।”

ভূমিকম্প থেমেছে না, এখনো চলছে? অনুষ্ঠান থামিয়ে দেওয়া হবে কি-না? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে আরডার্ন বলেন, “না, না, ঠিক আছে। মাত্রই থেমে গেল। আমরা ভালো আছি। আমি কোনো ঝুলন্ত লাইটের নিচে নেই। আমি খুব নিরাপদ জায়গাতেই আছি।”

ভৌগোলিক দিক থেকে নিউজিল্যান্ডের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে। ওখানে মহাদেশীয় টেকটোনিক প্লেটগুলোর সংযোগস্থল। বছরে দেশটিতে ১৫ হাজারের বেশিবার ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। তবে এর মধ্যে ১০০-১৫০ ভূমিকম্পই টের পাওয়া যায়।

সম্প্রতি সময়ে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে ২০১১ সালে। ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ওই ভূমিকম্পে ১৮৫ জন মানুষের মৃত্যু হয়েছিল। দেশটির  ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৭.৮ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় ২০১৬ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত