ঈদের পোশাকের টাকা প্রতিবন্ধীদের দিলেন শিল্পমন্ত্রীর ছেলে সাদী

আপডেট : ২৬ মে ২০২০, ০২:৩১ পিএম

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ঈদে কেনাকাটার জন্য ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে ২০ হাজার টাকা উপহার দেন। কিন্তু বাবার দেয়া উপহারের টাকায় নিজের জন্য কেনাকাটা না করে তিনি সেই টাকা প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করে দিয়েছেন।

সোমবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রীর গোতাশিয়া বাগানবাড়িতে প্রতিবন্ধী ফাউন্ডেশন এন্ড সেন্টারের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের হাতে এ টাকা তুলে দেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।

এ সময় প্রতিবন্ধী ফাউন্ডেশন এন্ড সেন্টারের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, করোনার কারণে প্রতিবন্ধীরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত। এ কথা শিল্পমন্ত্রীর ছেলে সাদী ভাই জানতে পেরে নিজে ঈদে পোশাক না কিনে সেই টাকা প্রতিবন্ধীদের জন্য বিতরণ করে দিয়েছে। যা খুবই বিরল ঘটনা। এই টাকার মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের ঈদের আনন্দ দেয়ার চেষ্টা করবো।

শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, করোনা মহামারীর কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যার কারণে অনেকের ইচ্ছা থাকলেও সাধ্য ছিলো না নতুন কাপড় কেনার। শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির নির্দেশে আমরা করোনার শুরু থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছি। আমরা সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগতভাবে অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ, মাস্ক, স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

তিনি বলেন, ঈদে আমাকে বাবা কিছু টাকা উপহার দিলে তা আমি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নেই। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী ফাউন্ডেশনের কাছে আমার অর্থ বিতরণ করি। আমার অর্থের মাধ্যমে প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটলে এটাই আমার ঈদের সবচেয়ে বড় উপহার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত