করোনায় এখনো আলাদা জটিলতা দেখা দেয়নি ডা. জাফরুল্লাহর

আপডেট : ২৬ মে ২০২০, ০৩:৫৭ পিএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হলেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে এখনো আলাদা কোনো জটিলতা দেখা দেয়নি।

মঙ্গলবার দুপুরের পরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এ কথা জানিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী এখনো শারীরিকভাবে ভালো ও সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, ‘করোনার কারণে এখনো উনার শরীরে অন্য কোনো জটিলতা দেখা দেয়নি।’

ফরহাদ বলেন, ‘দুপুরে কিডনি ডায়ালাইসিসের জন্য ডা. জাফরুল্লাহ গাড়িতে করে গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছেন। গাড়ি থেকে নেমে তিনি হেঁটেই হাসপাতালে প্রবেশ করেছেন।’

এর আগে রবিবার গণস্বাস্থ্যের ল্যাবে তাদের উদ্ভাবিত কিটে নমুনা পরীক্ষায় ডা. জাফরুল্লাহর করোনা সংক্রমণ ধরা পড়ে।

তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বাসায় আইসোলেশনে আছি। করোনা আক্রান্ত হওয়ায় আজকে ঈদে আমি কারো সাথে দেখা সাক্ষাৎ করিনি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।

কিডনিজনিত সমস্যায় সপ্তাহে তিনবার করে ডায়ালাইসিস করা লাগলেও করোনা সংক্রমণ ধরা পড়ায় ডা. জাফরুল্লাহর সোমবার ডায়ালাইসিস করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত