ঈদের রাতে কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

আপডেট : ২৬ মে ২০২০, ০৬:১৫ পিএম

ঈদেরদিন রাতে পাবনার চাটমোহরে এক কলেজছাত্রীকে (১৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘঠনায় এলাকাবাসী তিন ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। এ সময় অপর এক ধর্ষক পালিয়ে গেছে।

আটককৃতরা হলো- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে শুকুর আলী, মকবুল হোসেনের ছেলে রেজাউল করিম ও শাহজাহান আলীর ছেলে ইসমাইল হোসেন। পলাতক অপর জনের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার ঈদেরদিন রাতে অসুস্থতার কারণে ওই কলেজছাত্রী প্রতিবেশী এক কিশোরীকে সাথে নিয়ে একই এলাকার এক কবিরাজের বাড়ি যান। সেখান থেকে ফেরার পথে ওই কিশোরীর বাড়ির অদূরে আগে থেকে ওৎ পেতে থাকা শুকুর আলীসহ চারজন তাদের দুজনকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের একটি খেতে নিয়ে যায়।

সেখানে ওই কলেজছাত্রীর হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণ করা হয়। সাথে থাকা অপর কিশোরীকেও ধর্ষণ করতে গেলে ধর্ষকের হাতে কামড় দিয়ে সে পালিয়ে চিৎকার চেঁচামেচি করে। তার চিৎকারে স্থানীয়রা ওই খেতে গিয়ে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় একজন পালিয়ে যায়।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, এ ঘটনায় থানায় গণধর্ষণের মামলা দায়ের করে আটক তিন জনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পলাতক একজনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত