বরগুনার পাথরঘাটায় টর্নেডোয় ১৫টি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ২টি বসত ঘর সম্পূর্ণ ভেঙে যায়। ঘরে থাকা শিশুসহ ৪জন অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির সরেজমিন পরিদর্শন করেন এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে শুকনো ও খাদ্য সহায়তা দেন।
নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ বলেন, হঠাৎ দুপুর ১২টার দিকে টর্নেডো শুরু হয়। মুহূর্তের মধ্যে মো. জাকির শরীফ ও রানী বেগমের ২ টি বসত ঘর সম্পূর্ণ ও আংশিক ১৩টি ঘর বিধ্বস্ত হয়। তবে কোন হতাহত হয়নি।
তিনি আরও বলেন, জাকির শরীফ, তার স্ত্রী ও ২ সন্তান ঘরের মধ্যে ছিল। মুহুর্তের মধ্যে তার ঘর টর্নেডো ২০ ফুট দুরে উড়িয়ে নিয়ে যায়। ঘর উড়িয়ে না নিলে চাপা পরে প্রাণহানি হতে পারতো।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, আমি তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে তাদের খাদ্য সহায়তা দিয়েছি। পাশাপাশি তাদের ঘর মেরামতের জন্য ঢেউ টিন দেয়া হবে।
