ইউনাইটেডে আগুন: করোনা ইউনিটে ৫ লাশ উদ্ধার

আপডেট : ২৭ মে ২০২০, ১১:০৮ পিএম

ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত হাসপাতালটিতে বুধবার রাত ১০টার দিকে আগুন লাগে এবং পাঁচ লাশ উদ্ধার হয় বলে ফায়ার সার্ভি, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়।   

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে ফায়ার সার্ভিস ৫ মৃতদেহ উদ্ধার করে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলটি হাসপাতালের মেইন ভবন সংলগ্ন। সেটিতে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না।

ইউনাইটেড হাসপাতালের এমিডি ফরিদুর রহমান খান বলেন, নিহতদের সবাই লাইফ সাপোর্টে ছিলেন। এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুনের সু্ূত্রপাত হতে পারে। হাসপাতালের ওই অংশ সিনথেটিক তাঁবু দিয়ে তৈরি ছিল। এটা মূল ভবনের বাইরে আলাদা শেডে বসানো হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে উদ্ধার তৎপরতা চালায়। করোনা ইউনিটে থাকা পাঁচজন মারা গেছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ আরো বলেন, আইসোলেশনের ৪টি কক্ষে ৫ জন রোগীই ছিলেন। এ ঘটনায় আহত পাওয়া যায়নি কাউকে। আমরা খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে পৌঁছাই এবং ২০ মিনিটের মধ্যে আগুন নেভাই।

নিহতদের একজন নারী বলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে। নিহত নারীর নাম খোদেজা বেগম(৭০) বলে জানিয়েছেন তার ছেলে। তবে কারোরই বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

সুদীপ কুমার চক্রবর্তী দেশ রূপান্তরকে আরো বলেন, পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। কী কারণে আগুন লেগেছে তদন্তের আগে বলা সম্ভব হবে না। তা ছাড়া অন্য কোনো কারণ আছে কি না তা-ও খতিয়ে দেখা হবে।

ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান রাজা জানান, মাসখানেক আগে এটি চালু করা হয়। আগুনে ডাক্তার বা নার্স কেউ আহত হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত