করোনা: যাকাতের টাকায় আইসিইউ ইউনিট বানালো ভারতের মুসলিমরা

আপডেট : ২৭ মে ২০২০, ১১:১৯ পিএম

প্রতিবছর রমজান মাসে যাকাত আদায়সহ নানা ধরনের দান-সদকাহ করে থাকেন মুসলিমরা। অসহায় ও দরিদ্র মানুষদের এসব যাকাত আর দান দেয়া হলেও ভারতের মহারাষ্ট্রের মুসলিমরা এবার অন্য দৃষ্টান্ত গড়েছেন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, মুসলিমদের যাকাতের টাকা দিয়ে করোনা মোকাবিলায় গড়ে তোলা হয়েছে হাসপাতালের একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

মহারাষ্ট্রের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) সিভিল হাসপাতালে এই আইসিইউ ইউনিটটি স্থাপন করা হয়েছে। মুসলিমদের দেয়া যাকাত ও দানের ৩৬ লাখ রুপি দিয়ে এটি করা সম্ভব হয়েছে।

ভারত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে ইতিমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন প্রায় ১৭০০ মানুষ। 

রাজ্যটির টেক্সটাইল শহর হিসেবে পরিচিত ইচালকারানজির প্রায় তিন লাখ বাসিন্দা। যার ৭৮.৩২ শতাংশই হিন্দু আর মুসলিম হচ্ছে ১৫.৯৮ শতাংশ। অধিকাংশ বাসিন্দা পোশাক শিল্পের সঙ্গে জড়িত।  

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা সংকট দেখা যায় শহরের আইজিএম হাসপাতালে। সামর্থ্যবানদের বেসরকারি হাসপাতালে যাওয়ার সুযোগ থাকলেও অস্বচ্ছল ও গরীব মানুষদের জন্য একমাত্র সহায় বলা চলে সরকারি হাসপাতালটি। 

এখন করোনা চিকিৎসায় হাসপাতালটিতে একটি আইসিইউ ইউনিট জরুরি হয়ে পড়ে। হাসপাতালটিতে ১০ শয্যার একটি আইসিইউ ইউনিট প্রস্তুত করার জন্য মুসলিমরা তাদের যাকাত ও সদকাহর টাকা দান করে দেন।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুসলিমদের এমন অসামান্য উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইচালকারানজির মুসলিমরা পুরো দেশের মানুষকে দেখিয়ে দিয়েছে কীভাবে সংকট মোকাবিলায় এগিয়ে আসতে হবে। ঈদ উৎসবের মধ্যেও মুসলিমরা এমন নিদর্শন গড়লেন। এখন আমাদের সাহস ও ধর্য দিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত