নরসিংদীর মনোহরদীতে একটি পুকুরে বিষ ঢেলে দুর্বৃত্তরা প্রায় এক লাখ কৈ মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মাছচাষীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কাঁচিকাটা গ্রামের মাছচাষী শরীফ মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শরীফ মিয়া ওই গ্রামের মৃত আবদুর জব্বারের ছেলে।
জানা যায়, শরীফ গত চার মাস আগে বাড়ির পাশে দেড় বিঘা জমি লিজ নিয়ে একটি পুকুরে খনন করেন । সেখানে এক লাখ কৈ মাছ ছেড়ে চাষ শুরু করেন। দুই সপ্তাহ পরেই মাছগুলো বিক্রির উপযুক্ত হতো।
বুধবার রাতে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে। মরা মাছের দুর্গন্ধে নষ্ট হয়েছে পুকুরের সমস্ত পানি ও আশপাশের পরিবেশ।
মাছচাষী শরীফ মিয়া বলেন, সকালে মাছের খাবার দিতে পুকুরে যাই। সেখানে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে রয়েছে। মাত্র ১৫ দিন পর পুকুরের মাছগুলো বিক্রি করার কথা ছিল। তখন লাভসহ সব খরচ চলে আসত। সম্ভবত পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ক্ষতি করেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ মারার খবর আমরা পেয়েছি। এ ব্যাপারে থানায় মাছচাষীর পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। আর তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
