করোনাসংকটে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের জন্য দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া এবং নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ওই দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিগত ইউপি নির্বাচনে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঞা আওয়ামী লীগের মনোনয়নে এবং বীরগাঁও ইউপি চেয়ারম্যান কবির আহমেদ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন।
করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঈদ উপহার দেওয়া হবে ৭৫ হাজার পরিবারকে। ইতিমধ্যে ২৫ হাজারেরও বেশি পরিবারের কাছে উপহারের টাকা পৌঁছেছে। তবে এই উপহারের তালিকা তৈরিতে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া ও বীরগাঁও ইউপি চেয়ারম্যান কবির আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। জেলা প্রশাসন অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি লিখে।
এদিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তার কর্মসূচির সুবিধাভোগীর তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৭১ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৩ জন ইউপি চেয়ারম্যান, ৪৫ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং দুজন পৌর কাউন্সিলর। গতকাল বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউপির ২নং ওয়ার্ডের সদস্য তাহের মিয়া, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য মো. বোরহান উদ্দিন এবং একই উপজেলার চাঁদপুর ইউপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য বিলকিস বেগম।
