মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ মে ২০২০, ০২:২০ এএম

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের অন্তত ১৮০টি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। মেহেরপুরের গাংনীতে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে নারীর গলিত মরদেহ। উদ্ধার করা হয়েছে ওই নারীর গুরুতর আহত স্বামীকে। কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে গড়াই নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

মাদারীপুর : হাওলাদার মোটরসের মালিক নুর আলম হাওলাদারকে (৩৫) নিজ দোকানে গত বৃহস্পতিবার দুপুরে কোপানোর পর রাতে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় জড়িতদের অন্তত ১৮০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিহত নুর আলম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের হাজিরহাওলা এলাকার আলালউদ্দিন হাওলাদারের ছেলে। সদর উপজেলা শহরের পাবলিক লাইব্রেরিসংলগ্ন তার দোকানে এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয় বলে পরিবার জানিয়েছে।

নুর আলম হাওলাদারের পরিবারের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার একা পেয়ে দোকানে ঢুকে মওলা চৌকিদার ও তার ছেলে রাসেল চৌকিদারসহ কয়েক সন্ত্রাসী এলোপাতাড়ি তাকে কোপায়। নুর আলমকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আমজেদ হোসেন বলেন, রাতে ৮-১০টি বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে আনতেই এলাকার প্রায় অর্ধশতাধিক বাড়ির বেশি ঘরে আগুন দেওয়া হয়। তিনটি ইউনিট কাজ করলেও পুড়ে গেছে ছোট-বড় অর্ধশতাধিক ঘর।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা (সদর সার্কেল) জানান, পূর্বশত্রুতার জেরে নুর আলমকে প্রতিপক্ষ কুপিয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করার পরও দুপক্ষ পাশের জমিতে নেমে বিকেলে আবার সংঘর্ষে জড়ায়। প্রথমে চার-পাঁচটি বাড়িতে আগুন দেওয়া হলে তারা পরিস্থিতি কিছুটা শান্ত করেন। কিন্তু চলে আসার পর আবার কয়েকটি ঘরে আগুন দেওয়া হয়।

মেহেরপুর : গাংনীতে তালাবদ্ধ ঘর থেকে গতকাল শুক্রবার সকালে সুন্দরী খাতুন নামে ৪৮ বছর বয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। একই ঘর থেকে রুস্তুম আলী নামে ৫৫ বছর বয়সী একজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। হতাহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

প্রতিবেশী কাওসার আলী জানান, হতাহতদের পৈতৃক বাড়ি গাংনী উপজেলার নতুন মটমুড়া গ্রামে। জীবিকার কারণে তারা গাংনী উপজেলার বামন্দী শহরের টাবুর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে চার বছর ধরে বসবাস করে আসছিলেন। তারা দুজনই বামুন্দী বাজারের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। প্রতিবেশী সুরাইয়া খাতুন জানান, ২৫ মে দুপুরে তাদের বাজারে কাজ করতে দেখা গেছে। তারপর আর দেখা যায়নি। পরে তাদের ঘর থেকে দুর্গন্ধ বের হলে লোকজন পুলিশে খবর দেয়। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, স্বামী রুস্তুম আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে গাংনী হাসপাতালে। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

কুষ্টিয়া : বন্ধুদের সঙ্গে গড়াই নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাফসান সনম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শুক্রবার সকাল ৮টায় গড়াই নদের ঘোড়াঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া রাফসান সনম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখায় কর্মরত ক্যাশ অফিসার এবং কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত রেজাউল হক খানের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট এলাকায় গড়াই নদে রাফসান তার পাঁচ বন্ধুকে নিয়ে গোসলে নেমে তলিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত