করোনা: ভারতে ৫ হাজার ছাড়িয়েছে মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২০, ১২:০৬ পিএম

করোনা আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া এই প্রথম একদিনে করোনা সংক্রমণ ৮ হাজার ছাড়াল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার সকালে দ্য হিন্দু জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯৩ জন মারা গেছে দেশটিতে। এই নিয়ে মোট মৃত ৫ হাজার ১৬৪।

এ সময়ে দেশটিতে আক্রান্ত রেকর্ড ৮ হাজার ৩৮০ জন। মোট আক্রান্ত ১ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে।

এ দিকে এনডিটিভি জানায়, সর্বশেষ তিনদিনের রেকর্ড সংক্রমণের নিরিখে ভারত এখন করোনায় সবচেয়ে বিধ্বস্ত দেশের তালিকায় নয় নম্বরে রয়েছে। এই পরিস্থিতিতে দুই মাসের লকডাউন শেষে লকডাউন খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১ জুন শুরু হচ্ছে ফেজ-১।

শনিবার কেন্দ্রীয় সরকার জানায়, লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো। শুধুমাত্র কন্টেনমেন্ট এলাকা ছাড়া দেশের বাকি অংশে ৮ জুন থেকে শপিংমল ও রেস্টুরেন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে। আন্তঃরাজ্য চলাচল ও পণ্য সরবরাহের ওপরে জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সময়সীমা কমিয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে নাইট কারফিউ। সিনেমা হল, স্কুল, আন্তর্জাতিক বিমান সেবাও কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে।

গত এক সপ্তাহে ভারতে কভিড-১৯ সংক্রমণ ছড়িয়েছে প্রায় ৫০ হাজার মানুষের শরীরে। একই সময়ে ঢুকে পড়ে করোনা-বিধ্বস্ত দেশের তালিকার প্রথম দশে।

সংক্রমণের দ্বিগুণ হওয়ার হার ১৫.৪ দিন থেকে কমে ১৩.৩ দিন হয়েছে বলে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে মৃত্যুহার একই রয়েছে- ২.৮৬ শতাংশ।

এদিকে বিশ্বে মোট আক্রান্ত ৬০ লাখ ছাড়িয়েছে; মৃত্যু ৩ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত