করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সচিব এম বজলুল করিম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
বজলুল করিম ১৫ দিন ধরে ওই হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়া কয়েকদিন ধরে তিনি আইসিইউ সাপোর্টে ছিলেন।
বিসিএস সপ্তম ব্যাচের কর্মকর্তা বজলুল করিম ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে যোগ দেন। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
এ ছাড়া টাঙ্গাইলের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন বিভিন্ন সময়ে।
ঢাকা বিভাগীয় কমিশনার থাকাকালে চাকরির মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ২০১৮ সালের ১৫ এপ্রিল বজলুল করিম চৌধুরীকে সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। সে কারণে কোনো দপ্তরে সচিব হিসেবে তাকে পদায়ন করা হয়নি।
এ দিকে চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ২ হাজার ৫৪৫ জনের শরীরে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর রবিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন।
