আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টিভি চ্যানেলের মাইক্রোবাসে বোমা হামলায় এক সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবারের সন্ধ্যায় এই হামলায় আহত হয়েছেন অন্তত সাতজন।
বার্তা সংস্থা এএফপি জানায়, বেসরকারি চ্যানেল খুরশিদ চ্যানেলের ১৫ জন সাংবাদিক ও কর্মী গাড়িটিতে ছিলেন। চ্যানেলের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ রফিক সেদিকি বিষয়টি নিশ্চিত করেন।
খুরশিদ টিভির কর্মীদের প্রতিদিনের যাতায়াতের কাজে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, বাসের নিচে বোমাটি লুকানো ছিল। সন্ধ্যার ব্যস্ত সময়ে বাসটিতে বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় চ্যানেলর বিজনেস রিপোর্টার মীর ওয়াহেদ শাহ ও টেকনিক্যাল বিভাগের কর্মী শফিক আমিরি নিহত হয়েছেন। চ্যানেলটির আরও ছয় সাংবাদিক ও চালক জখম এতে গুরুতর আহত হন।
এদিকে সাইট ইন্টেলিজেন্সের সূত্রে জানা গেছে, হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক ইসলামি জঙ্গী সংগঠন ইসলামি স্টেট-আইএস।
গত বছর একই ধরনের আর একটি হামলায় খুরশিদ টেলিভিশনের দুই কর্মী নিহত ও আরও দু'জন আহত হয়েছিলেন।
আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল ২০১৮ সাল। ওই বছর তালিবানসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর একাধিক হামলায় মোট ১৫ সংবাদিক নিহত হন।
২০১৬ সালে তালেবানের আত্মঘাতী হামলায় দেশটির সবচেয়ে বড় বেসরকারি সংবাদমাধ্যম টলো টেলিভিশনের সাত সাংবাদিক নিহত হয়েছিলেন। টলো টিভিতে মার্কিন সামরিক বাহিনী ও আফগান সরকারের পক্ষে প্রচারণা চালানো হতো। তার জেরেই তালিবানদের রোষানলে পড়ে চ্যানেলটি।
