নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মজিবর রহমান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে নিজবাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজাওয়ানুল কবীর।
মৃতের বাড়ি উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামে।
এ নিয়ে করোনায় নীলফামারী জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।
স্বাস্থ্য বিভাগ ও পারিবারিক সূত্রে জানা যায়, মজিবর রহমানের সহধর্মিণী কয়েকদিন আগে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে একটি জটিল রোগের চিকিৎসা করাতে ভর্তি হন। কিছুটা সুস্থ হলে তিনি বাড়ি ফিরে এলে করোনা উপসর্গ দেখা দেয়। গত ২৭ মে তারসহ উক্ত পরিবারের ১৯ জনের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।
৩০ মে নমুনার রিপোর্টে মজিবর রহমান, তার স্ত্রী ও নাতির স্ত্রীর করোনা পজিটিভ আসে। এরপর থেকে পরিবারের ৩ সদস্যকে নিজবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মজিবর রহমান মৃত্যুবরণ করেন।
এ দিন সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশের সহায়তায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান, এ পর্যন্ত জেলার ৬ উপজেলায় নমুনা সংগ্রহ করা হয় এক হাজার ৭৫৯ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১ হাজার ৫১৯ ও ২৪০ জনের নমুনার রিপোর্ট অপেক্ষায় রয়েছে।
