রংপুরে ১০ কেজি গাঁজাসহ দুইজন আটক

আপডেট : ০১ জুন ২০২০, ০৬:০৪ পিএম

রংপুর নগরীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগিমারি ক্লিনিকপাড়ার আব্দুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম লেবু (২৫) ও প্রামাণিকপাড়ার ছকির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাব হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার ভোরে নগরীর ১৮ নং ওয়ার্ডের পিটিসি মসজিদ সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত