বাঁধ ভেঙে ডুবে গেল কৃষকের পাকা ধান

আপডেট : ০১ জুন ২০২০, ০৭:৪৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে তলিয়ে গেছে ৩৫ হেক্টর জমির পাকা ধান।

সোমবার ইউনিয়নের নন্দলালপুর নিমাইগাড়ি এলাকায় গিয়ে দেখা যায় কৃষকরা পানিতে ডুব দিয়ে ধান তোলার চেষ্টা করছেন। কিছু কিছু ধান তুলতে পারলেও অধিকাংশ ধানই তোলা সম্ভব হয়নি বলে তারা জানিয়েছেন।

রবিবার ভোরে নিমাইগাড়ি এলাকায় বাঁধ ভেঙে পনি ঢুকে জমির ধান তলিয়ে যায়।

গ্রামের বিধবা রঞ্জিদা খাতুন জানান, আমার ২ বিঘা জমির পাকা ধান আর ১ সপ্তাহের মধ্যেই কেটে ঘরে তুলতাম। এ ধান উঠলে ছেলে মেয়ে নিয়ে সারা বছর খেয়েপরে বেঁচে থাকতাম। হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় আমার সব জমির ধান চোখের সামনে মাত্র আধা ঘটার মধ্যে ডুবে গেল, আমি কিছুই করতে পারলাম না। এখন সারা বছর খাব কি সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।

ওই গ্রামের কৃষক মহাম আলী জানান, গত কয়েকদিন ধরে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে থাকায় গ্রামবাসী তাদের জমির পাকা ধান রক্ষায় হুরাসাগর নদীর মুখে ৫০ মিটার বাধ নির্মাণ করে। অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় রবিবার ভোরে বাঁধটি ভেঙে যায়। এতে এ এলাকার প্রায় সবারই জমির পাকা ধান ২/৩ ফুট পানির নিচে ডুবে তলিয়ে যায়। তার প্রায় ১০ বিঘা জমির ধান ডুবে গেছে। কিছু ধান কাটতে পারলেও অধিকাংশ ধান গভীর পানিতে ডুবে যাওয়ায় কাটা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, অনেকেই নৌকা নিয়ে ডুব দিয়ে পানির নিচ থেকে কিছু ধান তুলতে পারলেও অধিকাংশ কৃষক তাদের কষ্টের ধান তুলতে পারেনি। আবার যারা ধান কেটে মাড়াই করার পর জমিতে পালা দিয়ে রেখে ছিল তাদের ধানও পানিতে ভেসে গেছে।

সরেজমিন নন্দলালপুর গ্রামে গিয়ে দেখা যায় পাকা ধান ডুবে যাওয়ায় কৃষকদের ঘরে ঘরে শোকের মাতম চলছে। তাদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। পাকা ফসলের মাঠে এখন পানি থই থই করছে।

নন্দলালপুর গ্রামের কৃষক শাহজাহান শেখ জানান,এ গ্রামের কৃষকদের প্রায় ২হাজার ৪০০ মেট্রিকটন ধান পানিতে ডুবে গেছে। ফলে তাদের প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার আব্দুস সালাম বলেন, উপজেলার নন্দলালপুর গ্রামে বাধ ভেঙে নিচু জমির পাকা ধান ডুবে গেছে। এতে ওই এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত