সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বজ্রপাতে গোলাম হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা আব্দুস সাত্তার (৫০) আহত হয়েছেন।
ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর সারটিয়া গ্রামে সোমবার সন্ধ্যায় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
ওয়ার্ডের সাবেক মেম্বর হজরত আলী বলেন, জমিতে কাজ শেষে তারা বাড়ি ফেরার সময় বৃষ্টিপাতের সাথে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে বাবা-ছেলে দুজনেই গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ছেলে গোলাম হোসেন মারা যায়। তার বাবা আব্দুস সাত্তারকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
