জলদস্যু সর্দার বোমা সিরাজ গ্রেপ্তার

আপডেট : ০৩ জুন ২০২০, ০৭:০১ এএম

সোনাগাজীর উপকূলীয় অঞ্চলের ত্রাস জলদস্যু সর্দার বোমা সিরাজকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার চরদরবেশ ইউনিয়নের জমাদার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। বোমা সিরাজ চরশাহাভিকারী গ্রামের বজলের রহমানের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, বোমা সিরাজ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক, অস্ত্র, অপহরণ, প্রতারণাসহ ১৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। স্থানীয়রা জানায়, পদপদবিতে না থাকলেও বোমা সিরাজ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে তার বাহিনীর সংঘর্ষের পর ১৯৯৭ সালে বোমা তৈরির সময় বিস্ফোরণে তার হাতের কয়েকটি আঙুল উড়ে যায়। তারপর থেকে সে বোমা সিরাজ নামে পরিচিত। পরে চরছান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের উপকূলীয় অঞ্চলে জলদস্যু বাহিনী গড়ে তোলে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভাগিনা কালাম নিহত হয় ও জসিম বন্দুকযুদ্ধে পা হারালে সিরাজ পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে বোমা সিরাজকে পুলিশ ফেনী আদালতে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত