‌‘মিশন ইম্পসিবল’কে নতুন চ্যালেঞ্জ করোনার

আপডেট : ০৩ জুন ২০২০, ১২:০০ পিএম

করোনাভাইরাসের কারণে বছরের শুরুতেই স্থগিত হয় ‘মিশন: ইম্পসিবল ৭’-এর শুটিং। এবার সব সতর্কতা মেনেই সেপ্টেম্বরে ক্যামেরা চালু হবে। কিন্তু থেকে যাচ্ছে কিছু চ্যালেঞ্জ।

ভ্যারাইটিকে এই তথ্য দেন অভিনেতা সিমন পেগ। তিনি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটিতে বেনজি ডান চরিত্রে রয়েছে। অভিনেতা জানান, আউটডোরেই তারা ক্যামেরার সামনে দাঁড়াবেন। আর অবশ্যই সব ধরনের সতর্কতা মানা হবে।

এই ব্রিটিশ অভিনেতাকে সামনে দেখা যাব থ্রিলার ‘ইনহেরিটেন্স’-এ। আর সর্বশেষ দেখা গেছে অ্যামাজনের ‘দ্য বয়েস’-এ। তিনি মজা করে বলেন, সিনেমাটির মারপিটের দৃশ্যগুলো পাঁচ ফুট দূর থেকে ধারণ করা হবে!

‘মিশন: ইম্পসিবল ৭’-এর মতো সিনেমায় থাকে অসংখ্য অভিনেতা ও কুশলী, লোকেশনও হয় বৈচিত্র্যপূর্ণ। এ কারণে করোনার মতো পরিস্থিতিতে সেটে সুরক্ষা ব্যবস্থা হতে হবে বড় পরিসরের। সিমন পেগ মনে করেন, যেহেতু ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়, তাই তেমন সুরক্ষা রেখেই শুটিং হবে। তবে বিস্তারিত তিনি জানেন না।

এ দিকে বিবিসি রেডিও ফোরকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটির সহকারী পরিচালক টমি গর্মলি জানান, পূর্ব নির্ধারিত সব দেশেই সিনেমাটির দৃশ্যায়নের পরিকল্পনা রয়েছে। আর বড় অংশের দৃশ্যায়ন হবে যুক্তরাজ্য ও স্টুডিওতে।

ফেব্রুয়ারিতে শুটিং শুরুর মাত্র একদিন আগে টম ক্রুজ অভিনীত সিনেমাটির শুটিং স্থগিত হয়। তখন শিডিউল ছিল ইতালির ভেনিসে। কিন্তু ওই সময় দেশটি ইউরোপে করোনার কেন্দ্রভূমিতে পরিণত হয়।

গর্মলে জানান, ‘মিশন: ইম্পসিবল ৭’ ইনডোর নির্ভর ছবি নয়। তাদের কাছে দর্শকের প্রত্যাশাও অনেক। বর্তমান পরিস্থিতি এ ধরনের বড় পরিসরের সিনেমার জন্য চ্যালেঞ্জ। কারণ ভিড়ের দৃশ্য, মারপিট বা কার চেজিং ছাড়া ইথান হান্টের অভিযান ভাবাই যায় না।

কয়েক বছর আগে ‘স্টার ট্রেক’ সিনেমার দৃশ্যায়নে কলাকুশলীরা গগলস, ইয়ার প্রোকেটশন ও গ্লভস পরেছিল যা অনেকটা করোনাকালীন পিপিই কিটের মতো। এই উদাহরণ দিয়ে গর্মলি জানান, মুভি ইন্ডাস্ট্রি দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। তারাও নতুন কিছু করবেন।

২০২১ সালের ৯ নভেম্বর মুক্তি পাবে ‘মিশন: ইম্পসিবল ৭’। আরও অভিনয় করছেন ভিং রাহামস, রেবেকা ফারগুসন, ভ্যানেসা কিরবিসহ অনেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত