করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। জনগণের ভালোবাসা ও দোয়ায় শিগগিরই তিনিই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী চিকিৎসকরা।
বুধবার দেশ রূপান্তরের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, ‘নিয়ম-কানুন না মানা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা গণস্বাস্থ্যের সবাই খুবই উদ্বিগ্ন ছিলাম। তবে সময়ের ব্যবধানে জাফরুল্লাহ চৌধুরী এখন সুস্থতার দিকে।’
ডা. মুহিব উল্লাহ বলেন, ‘ডা. জাফরুল্লাহকে বাসায় আইসোলেশনে না রেখে হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। কারণ, এমনিতেই তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল।’
তিনি বলেন, ‘আমরা যারা সার্বক্ষণিক তার সাহচর্যে ছিলাম, সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছি। তার স্ত্রী ও ছেলে বাসায় আইসোলেশনে রয়েছেন। তারাও সুস্থতার দিকে।’
করোনায় আক্রান্ত হবার পর গত শনিবার তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করা হয়। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ব্রিদিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপি দেওয়া হয়। ওইদিন থেকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালেই রাখা হয়।
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। এরপর গত ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি দেওয়া হয়।
