পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে ফয়জুল গাজী (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার কাউখালী স্লুইসঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফয়জুল ছোটবাইশদিয়া ইউনিয়নের সাজিরহাওলা গ্রামের বজলু গাজীর ছেলে।
জানা গেছে, বুধবার কাউখালী স্লুইসঘাট এলাকায় একটি মাছের ঘেরে মাটি কাটার কাজ করছিলেন ফয়জুল গাজীসহ আরও ৫ জন শ্রমিক। আবহাওয়া খারাপ হওয়ায় কাজে বিরতি দিয়ে নিরাপদ আশ্রয়ে ফেরার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ফয়জুল গাজীর মৃত্যু হয়। এ সময় আব্দুল কুদ্দুস নামের অপর এক দিনমজুর আহত হয়েছে।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
