হাতি হত্যা ‘ভারতীয় সংস্কৃতির বিরোধী’, তদন্তের নির্দেশ

আপডেট : ০৪ জুন ২০২০, ০২:৩০ পিএম

কেরালায় বাজি ঠাসা আনারস খাইয়ে গর্ভবতী হাতিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনা কোনোমতেই বরদাস্ত করা হবে না বলে জানাল ভারতের কেন্দ্রীয় সরকার।

হত্যার ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই ‘ঘৃণ্য অপরাধ ভারতীয় সংস্কৃতির বিরোধী’ বলে মন্তব্য করেন তিনি।

কেরালার এক হাতি হত্যার ঘটনা এক বনকর্মীর পোস্টের জেরে প্রকাশ্যে আসে। তারপরই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিরুদ্ধে গর্জে ওঠে প্রায় সারা ভারত। বাংলাদেশেও আলোচনা তোলে ঘটনাটি।

বুধবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করেন। রাজ্যটির বন দপ্তর এই ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি। এরপর বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে জানান এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারও।

কেরালায় বাজি ভরা আনারস খাইয়ে গর্ভবতী হাতি খুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

জাভড়েকর যদিও টুইটে এটি কেরালার মাল্লাপুরমের ঘটনা বলে উল্লেখ করেছেন, তবে ভাইরাল হওয়া ঘটনাটি ঘটেছে পালাক্কাড় জেলায়।

এ দিকে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানায়, মূলত ফসল ক্ষেত তছনছকারী বন্য শূকর তাড়াতে এই অঞ্চলে এ ধরনের আনারস ব্যবহার করা হয়। হাতিকে আনারস খাওয়ানোর অভিযোগ উঠলেও সংবাদমাধ্যমটি জানায়, শূকরের জন্য ফাঁদ হিসেবে রাখা ফলই খেয়ে ফেলে ওই বন্য হাতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত