ঝালকাঠিতে রাকিব হাওলাদার (২২) নামে এক কলেজছাত্র বিশখালী নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাট সংলগ্ন নদীতে পা পিছলে সে পড়ে যায়।
রাকিব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখুরিজানা গ্রামের রাজমিস্ত্রি আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে ও বরিশাল হাতেম আলী কলেজের ভূগোল (অনার্স) ৩য় বর্ষের ছাত্র।
বরিশাল থেকে আসা ডুবুরি দল গতকাল বৃহস্পতিবার রাজাপুর থানার পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে। সকাল থেকে নদীতে অভিযান চালিয়েও রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জলিল সিকদার বলেন, নদীতে খুব স্রোত থাকায় রাকিব দূরে কোথাও ভেসে যেতে পারে।
