ত্রাণ ও নগদ সহায়তায় অনিয়ম

হবিগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান ও ১ মেম্বার বরখাস্ত

আপডেট : ০৬ জুন ২০২০, ০৩:৫৮ এএম

ত্রাণ বিতরণে দুর্নীতি এবং করোনা পরিস্থিতিতে হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর নগদ সহায়তার সুবিধাভোগীদের নামের তালিকা তৈরিতে অনিয়মের দায়ে হবিগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান ও এক মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৪ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের কথা জানানো হয় বলে হবিগঞ্জ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যে জানা গেছে। বরখাস্ত হওয়া তিনজনই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

জানা গেছে, লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি নিয়মনীতির ব্যত্যয় ঘটিয়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন। চেয়ারম্যান মলাই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

গত ৪ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে সদর উপজেলার রাজিউড়া ইউপির ৯নং ওয়ার্ড সদস্য শফিউল ইসলাম তসকির সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বরখাস্ত হয়েছেন। এর আগে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুখলিছ মিয়া ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাতের জন্য সাময়িক বরখাস্ত হয়েছেন। মুখলিছ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত