প্রেম নয়, শিরোনামে সুস্মিতার অভিনয়

আপডেট : ০৬ জুন ২০২০, ০১:০২ পিএম

সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন এক সময় বলিউডের সেরা পরিচালক ও নায়কদের সঙ্গে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। হালে অভিনয়কে পেছনে ফেলে বারবার খবরে আসছিলেন রহমান শলের সঙ্গে রোমান্স করে।

তবে এবার অনেক দিন পর নায়িকা পেশাগত কারণেই এলেন শিরোনামে। শিগগিরই দেখা যাবে অভিনয়ে। অবশ্য ইতিমধ্যে ট্রেলার প্রকাশ হয়েছে, পেয়েছেন প্রশংসাও।

ভক্তদের কথা দিয়েছিলেন সুস্মিতা, দীর্ঘ অপেক্ষার শেষে শিগগিরই পর্দায় ফিরতে চলেছেন। তবে বড়পর্দায় নয়। সেই মতে ডিজনি প্লাস হটস্টারে আসছে ওয়েব সিরিজ ‘আরিয়া’।

সিরিজের ট্রেলারে পুরোদস্তুর অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে সুস্মিতাকে। ড্রাগ র‌্যাকেটের প্রেক্ষাপটে তৈরি এই কাহিনিতে ‘ডন’-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে আরিয়া, তার পরিবারকে রক্ষা করতে।

রাম মাধবানি পরিচালিত ‘আরিয়া’র প্রিমিয়ার হবে ১৯ জুন।

২০১৫ সালে কলকাতার সৃজিত মুখার্জির ছবি ‘নির্বাক’-এ শেষবার বড়পর্দায় দেখা যায় সুস্মিতাকে। তার শেষ হিন্দি ছবি বলতে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো প্রবলেম’।

এরপর থেকে সোশ্যাল মিডিয়াতেই শুধু দেখা যায় অভিনেত্রীকে। সেখানে দুই মেয়ে আর বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে দেদার ছবি-ভিডিও পোস্ট করেন। মাঝে মাঝে দেখা যায় তার বাবাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত