কভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর পর ৬ ঘণ্টা লাশ পড়েছিল খাটে। লাশের গোসল কিংবা দাফনের জন্য এগিয়ে আসেনি আত্মীয়-পরিজন কেউ। পরে খবর পেয়ে লাশ দাফনে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক দল। গত শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুর গ্রামে এক নারীর মৃত্যুর পর এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, আলমপুর গ্রামের হোসেন আলীর স্ত্রী আওলিয়া বেগম করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় মারা যান। করোনা সংক্রমণের ভয়ে পরিবারের কেউ লাশের কাছে আসছিলেন না। পরে স্থানীয় লোকজন সাংসদ লিয়াকত হোসেন খোকাকে ফোন করে বিষয়টি অবহিত করলে তিনি রাত ১২টার সময় সেখানে তার স্বেচ্ছাসেবক দলকে পাঠান। ওই স্বেচ্ছাসেবকরা রাত ৩টার সময় নানাখী কবরস্থানে ওই নারীর লাশ দাফন সম্পন্ন করেন।
এ ব্যাপারে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর ৬ ঘণ্টা লাশ পড়ে থাকলেও কেউ দাফনের জন্য এগিয়ে আসেনি। এটা সত্যি অমানবিক। আমি উপজেলায় একটি টিম করে দিয়েছি, যারা করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে মারা যাবেন তাদের দাফন করবে। স্বেচ্ছাসেবক দল এ পর্যন্ত উপজেলায় ১৪টি লাশ দাফন করেছে।’
