কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা খেলার মাঠটি এখন ময়লা ফেলার স্থানে পরিণত হয়েছে। এত দিন মাঠের পাশে রাস্তায় ময়লা ফেলা হলেও এখন সরাসরি মাঠেই ফেলা হচ্ছে। এতে করে নষ্ট হয়ে যাচ্ছে আগানগর ইউনিয়নের একমাত্র খেলার মাঠটি।
সরেজমিনে দেখা যায়, মাঠের চারপাশে ময়লা ফেলার কারণে বৃষ্টির পানি ঠিকমতো মাঠ থেকে বের হতে পারছে না। বাসাবাড়ি থেকে ইউনিয়ন পরিষদের যে গাড়িগুলো ময়লা সংগ্রহ করে, তা ময়লাসহ মাঠেই দাঁড়িয়ে আছে। মাঠের আশপাশের বাসিন্দারা ময়লার গন্ধে নাকাল। মাঠের এক পাশে আগানগর ইউনিয়ন পরিষদ ও আগানগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দেয়াল ঘেঁষেই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা; তবুও দেখার যেন কেউ নেই। ইতিমধ্যে ময়লা-আবর্জনার কারণে মাঠের একপাশের রাস্তা বন্ধ হয়ে গেছে। রাস্তার পাশেই প্রায় ১৫-২০টি বাড়িতে কয়েক হাজার মানুষের বসবাস, ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ তাদের জনজীবন। এসব বাড়িতে বসবাস করে এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরেই এখানে ফেলা হচ্ছে ময়লা। একাধিকবার তারা জনপ্রতিনিধিদের বিষয়টি মৌখিক ও লিখিতভাবে জানিয়েছেন, তবুও বিষয়টির কোনো সুরাহা হয়নি।
আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি জানান, মাঠের গেট না থাকার কারণে এভাবে ময়লা ফেলতে পেরেছে। আমরা দ্রুতই মাঠে গেট লাগানোর ব্যবস্থা করছি।
