দর্শনায় ৫ এসআই ও ১ কনস্টেবল আক্রান্ত

আপডেট : ০৭ জুন ২০২০, ০৭:২৩ এএম

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের পাঁচ এসআই ও এক কনস্টেবলসহ নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২।

গতকাল শনিবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দর্শনা থানা পুলিশের পাঁচ উপপরিদর্শক ও একজন কনস্টেবল রয়েছেন। আক্রান্ত অন্য পাঁচজন হলেন আলমডাঙ্গা উপজেলার পোয়ামারী গ্রামের একই পরিবারের তিন, ভাংবাড়িয়ার এক ও বাড়াদির একজন।

ডা. এ এস এম মারুফ হাসান জানান, নতুন আক্রান্তদের পাঁচজনকে হোম আইসোলেশনে ও পুলিশের ছয় সদস্যকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, ওই থানায় কর্মরত অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত