করোনা ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জের ৩টি এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এলাকাগুলো হলো শহরের আমলাপাড়া ও ফতুল্লার জামতলা ও ভূইগড়ের রুপায়ন টাউন।
রবিবার অধিক ঝুঁকিপূর্ণ এলাকা রেড জোন হিসেবে এই তিন এলাকাকে নির্বাচন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এই ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন।
তিনি বলেন, রুপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউনের আওতায় থাকবে। এলাকাগুলো থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি বাইরে আসতে পারবেন না, বাইরের কেউ যেতেও পারবেন না। এসব এলাকায় কোনো গণপরিবহন থামবে না। এলাকায় কাঁচা বাজার বন্ধ করে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে।
ধর্মীয় উপাসনালয়গুলোতে শুধু সংশ্লিষ্টরা যেতে পারবে। উল্লেখিত এলাকাগুলোতে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক।
