সামনের মাসেই ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা অক্সফোর্ডের!

আপডেট : ০৭ জুন ২০২০, ০৩:৩৬ পিএম

ইনজেকশন-ভিত্তিক টিকা প্রস্তুত হওয়ার আগে ইনহেলারের মাধ্যমে সামনের মাস নাগাদ করোনাভাইরাসের ভ্যাকসিন মানুষকে দিতে চায় ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি। অক্সফোর্ডের পার্সোনালাইজড মেডিসিন বিভাগের সদস্য অধ্যাপক অ্যাড্রিয়ান হিলকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে দ্য সান এবং ডেইলি মেইল।

অক্সফোর্ড ইউনিভার্সিটি গত এপ্রিলে ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করে। তাদের আশা, সেপ্টেম্বরের ভেতর এই ট্রায়াল সফলভাবে শেষ হবে। কিন্তু বানরের ওপর তারা যে ট্রায়াল দেয় সেটি সফল না হওয়ায় এই ভ্যাকসিনটি নিয়ে শঙ্কা জাগে। তবে প্রতিষ্ঠানটি দাবি করছে, মানুষের শরীরে এখন পর্যন্ত ভ্যাকসিনটি কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে।

ওষুধ প্রস্ততকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা আগেই ঘোষণা দিয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন আসলেই তারা ২ মিলিয়ন ডোজ প্রস্তুত করবে। এ জন্য বিল গেটসের ফাউন্ডেশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান তাদের আর্থিক সহায়তা করবে।

অ্যাড্রিয়ান হিল জানিয়েছেন, অ্যাজমা প্রতিরোধে যেভাবে ইনহেলার ব্যবহার করা হয় ঠিক একইভাবে সামনের মাসে কভিড-১৯ রোগের ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা করছেন তারা।

পূর্ণাঙ্গ ট্রায়ালের বিষয়ে তার বক্তব্য, ‘আমরা আশা করছি আগস্টের ভেতর শেষ হবে।’

কোনো প্রতিষেধক না থাকা নতুন এই রোগের ভ্যাকসিন তৈরি করতে চীন-আমেরিকাসহ অনেক দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীন সরকার জানিয়েছে, তাদের সেনাবাহিনীর সহযোগিতায় করোনাভ্যাক নামের ভ্যাকসিনটি প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালে সফল হয়েছে। এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরের শুরুতে ভ্যাকসিনটি পুরোপুরি প্রস্তুত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত