ব্রিফিংয়ে কাদের

এখন রাজনীতি নয় অভিন্ন শত্রু করোনা মোকাবিলার সময়

আপডেট : ০৮ জুন ২০২০, ০৫:৫১ এএম

করোনা প্রতিরোধে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন রাজনীতি নয়, রাজনীতি করার অনেক সময় আছে, করা যাবে। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল রবিবার তার বাসভবন থেকে

ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দলে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু করোনা আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু মোকাবিলায় আমরা যেন বিভেদের ভাইরাস না ছড়িয়ে দিই। করোনাভাইরাস আমাদের সংক্রমিত করছে, আমরা যেন জাতিকে বিভ্রান্তি না করি।’

বৈশি^ক মহামারী করোনা প্রতিরোধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশও করোনাসংকটে নিপতিত। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা করোনাসংকটে জাতির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি সংকটে সাহসী ও সফল এবং ইতিহাসের অনেক সংকট-দুর্যোগের পরীক্ষিত নেতা। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আজকে এই করোনা পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছেন। গোটা জাতিকে সঙ্গে নিয়ে সমন্বয় করছেন, পরিকল্পনা নিচ্ছেন। প্রণোদনা প্যাকেজ দিচ্ছেন। একদিকে মানুষকে বাঁচানো, অন্যদিকে করোনাকে প্রতিরোধ করা— দুটি লড়াই করতে হচ্ছে। এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনা অগ্রসর হচ্ছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘৭ জুন হচ্ছে স্বাধীনতার ইতিহাসে বাঁক পরিবর্তনকারী ঘটনা। এই ৭ জুনে ৬ দফার ভিত্তিতে ১৯৬৯ সালে ১১ দফার ঘোষণা আসে। আর ১১ দফা আন্দোলনে সারা দেশে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। যারা এই ৭ জুন ও ঐতিহাসিক ৭ মার্চ পালন করে না, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার আদর্শে তাদের বিশ্বাস নেই। এটাই আজ কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’

তিনি বলেন, ‘এবার ৬ দফা দিবস আমাদের জীবনে এসেছে এক ভিন্নতর প্রেক্ষাপটে। এবার ৭ জুন বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করার কথা ছিল। যেহেতু এবার মুজিববর্ষের মধ্যে পড়েছে ৭ জুন; কাজেই এবারকার ৭ জুনের তাৎপর্য এবং ব্যঞ্জনা অনেক গভীর। আমরা চেয়েছিলাম এ দিবসটিকে উৎসবের সঙ্গে পালন করার জন্য। কিন্তু বর্তমান বাস্তবতার পরিস্থিতিতে তা সম্ভব হয়নি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম; বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত