অনেক আলোচনা-সমালোচনার পর ফেইসবুকের নীতিমালা পর্যালোচনার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ। মার্কিন প্রেসিডেন্টের কয়েকটি পোস্ট নিয়ে টুইটার আপত্তি তোলার পর ফেইসবুকের ওপর চাপ সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী ওই পোস্ট সরানোর জন্য জাকারবার্গকে পরামর্শ দেন। কিন্তু জাকারবার্গ সাফ জানিয়ে দেন, টুইটারের মতো তিনি অনলাইনে সালিশ বসিয়ে সবার পোস্টের বিচার করতে পারবেন না। জাকারবার্গের এমন মন্তব্যের পর একজন কর্মী পদত্যাগ করেন। শুরু হয় সমালোচনা। পরে জাকারবার্গ বলেন, এই ধরনের কাজ তাদের নীতিমালার সঙ্গে যায় না।
সমালোচনার আগুনে পানি ঢালতে শুক্রবার নিজের অ্যাকাউন্টে জাকারবার্গ লিখেছেন, ‘আমরা আলোচনার মাধ্যমে আমাদের নীতিমালা পর্যালোচনা করতে যাচ্ছি। যদি কোনো সংশোধনী আনার প্রয়োজন হয়, তাহলে আমরা গ্রহণ করব।’ ভার্চুয়াল চিঠিতে জাকারবার্গ লিখেছেন, ‘গত সপ্তাহে আমার সিদ্ধান্তে অনেকে রাগান্বিত হওয়ার পাশাপাশি হতাশ হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন।’ পর্যালোচনা কিংবা পুনর্বিবেচনার কথা বললেও কোনো পরিবর্তন নাও আনতে পারেন তিনি, ‘আমরা সব দিক বিবেচনা করছি। আমরা কোনো পরিবর্তন নাও করতে পারি, আমরা সবকিছুই চাই। কাঠামোগতভাবে আমাদের কিছু পরিবর্তন করতে হবে কি না, সেটি আমরা পর্যালোচনা করতে যাচ্ছি।’
