মাগুরায় নতুন করে মৃত এক ব্যক্তিসহ ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দুদিন আগে করোনার উপসর্গ নিয়ে মারা যান শহরের পারনান্দুয়ালীর পূর্ব মুন্সি পাড়ার মুন্সী জাহিদুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ।
সোমবার খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে আসা নমুনা রিপোর্টে জাহিদুল করিমের করোনা পজিটিভ হয়েছে। একই সাথে সদর ও শ্রীপুর উপজেলার ৪ ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে সোমবার পর্যন্ত জেলার মোট আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়ালো।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, গত শনিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মুন্সী জাহিদুল করিম নামের ওই ব্যক্তি মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি হন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার সকালে পাঠানো রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ এসেছে। এছাড়া বাকি ৪ জনের মধ্যে কাউন্সিল পাড়া, পশু হাসপাতাল পাড়া, ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪০। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। হোম আইসোলেশনে আছে ১৬ জন। একজন ঢাকাতে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন।
