ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার আড়াই মাস ধরে অফিস না করায় জমি ক্রয়-বিক্রয় করতে এসে দাতা ও গ্রহীতারা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। অন্যদিকে, সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
জানা যায়, ভালুকার সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন গত ২৩ মার্চ ২০২০ইং সর্বশেষ অফিস করেন। এরপর করোনাভাইরাসের জন্য দীর্ঘ ৬৬ দিন সাধারণ ছুটির পর সরকারি সব অফিস-আদালতের ৩১ মে থেকে কার্যক্রম চালু হলেও তিনি অফিস করেননি। ফলে জমি ক্রয়-বিক্রয় করতে এসে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাব-রেজিস্ট্রার অফিস না করায় বন্ধ রয়েছে অফিসের সব কার্যক্রম।
ভালুকার সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকারের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরসহ ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিলেও ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, সাব-রেজিস্ট্রার অফিস না করার বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা আমার জানা নেই।
